গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি সুতার কারখানায় জেনারেটরের সাইলেন্সর বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মৌচাক এলাকায় বেলকুচি স্পিনিং মিলে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন - কারখানার সহকারী প্রকৌশলী মো. হানিফ মিয়া (২২) ও তার সহকারী মো.সাইফুল ইসলাম (৩০)।

ঢামেক সূত্র জানায় সাইফুলের শরীরের প্রায় ২৫ শতাংশ আর হানিফের ২৩ শতাংশ পুড়ে গেছে ।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবিরুল আলম জানান, সকাল ১০টার দিকে জেনারেটরের সাইলেন্সর বিস্ফোরিত হয়ে ওই কারখানায় আগুন লেগে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় সাইফুল ও হানিফ দগ্ধ হয়েছেন।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।