বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালীর নিকটবর্তী এলাকায় জলদস্যূদের হামলায় মোজাফ্ফর আহমদ (৩০) নামের এক জেলে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে এ জলদস্যূতার ঘটনা ঘটে। নিহত মোজাফ্ফর মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বটতলীর মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
নিহতের পরিবার জানিয়েছে, একই এলাকার মোহাম্মদ আনসারের মালিকাধীন এফবি ছেনুয়ারা নামের একটি ফিশিং ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যায়। এ সময় বৃহস্পতিবার ভোরে জলদস্যূরা হামলা চালায়। এতে মোজাফ্ফর আহত হন। আহতাবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়। এ সময় মাঝিসহ আরো দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ফিশিং ট্রলারের মালিক আনসার।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) দিদারুল ফেরদৌস রাইজিংবিডিকে জানান, মৃতদেহটি এখন কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ইআর





