রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভাতিজার শবলের আঘাতে হামিদা বেগম (৪০) নামে তার ফুফু নিহত হয়েছেন। এসময় নিহত হামিদার মরদেহ দেখে আরেক নারী স্ট্রোক করে মারা গেছেন বলে জানা গেছে। তার নাম আঙ্গুরা বিবি (৬০)।

রোববার উপজেলার রিশিকুল ইউনিয়নের সাহাপুর ডাইংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হামিদা ও আঙ্গুরা একই এলাকার বাসিন্দা। তারা সম্পর্কে বেয়াইন।

গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) পরিদর্শক শিশির কুমার জানান, সকালে মমিজুল ও হামিদার মধ্যে জমি নিয়ে ঝগড়া শুরু হয়। এরই একপর্যায়ে মমিজুল তার ফুফু হামিদার মাথায় শাবল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মমিজুলকে আটক করে পুলিশ।

এদিকে ঘটনার কিছুক্ষণ পর হামিদার মরদেহ দেখতে এসে স্ট্রোক করেন তার বেয়াইন আঙ্গুরা বিবি। এ সময় স্বজনরা তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

পরিদর্শক শিশির আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। রাতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে হামিদাকে হত্যার ঘটনায় তার ছেলে হামিদুল ইসলাম বাদী হয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেছেন। হত্যা মামলাটিতে শুধু মমিজুলকেই আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ