ঝালকাঠি জেলার কাঁঠালিয়ায় মো. মাসুদ সিকদার (৩৫) নামে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের এক নেতার শরীরবিহীন মাথা উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের তিন দিন পর বিষখালী নদীর রঘুয়ার চর এলাকা থেকে রোববার রাত সাড়ে ১২টার দিকে তার মাথাটি উদ্ধার করা হয়।

মাসুদ সিকদার উপজেলার পশ্চিম ছিটকি গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা হারুনর রশীদের ছেলে।

তিনি উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নিহতের স্ত্রী জুলিয়া বেগম জানান, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে স্থানীয় সাতানি বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান মাসুদ সিকদার। এর পর তিনি আর বাড়ি ফেরেননি। ওই বাজারে তার একটি কেবলের দোকান রয়েছে।

এ ব্যাপারে নিহতের ছোট ভাই মামুন কাঁঠালিয়া থানায় রোববার একটি সাধারণ ডায়রি করেন।

পূর্ব শত্রুতার জের ধরে মাসুদ সিকদারকে হত্যা করা হতে পারে বলে মনে করছেন তার স্ত্রী জুলিয়া বেগম।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘বিষখালী নদীর রঘুয়ার চর এলাকায় মাসুদের ছিন্ন মস্তক (মাথা) দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাথাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

তিনি জানান, খণ্ডিত লাশটি উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে।

এমকে