লক্ষ্মীপুরের রায়পুরে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছে প্রসূতি মা কাজল আক্তার। বর্তমানে তিনি সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছেন। তার চার সন্তানও সুস্থ আছে। তবে মা ও নবজাতকরা এখনো নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

সোমবার রাতে হাসপাতালের পরিচালক আবদুর রহমান তুহিন চৌধুরী ও চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রসূতি মা কাজল আক্তারকে ডা. শামিমা নাসরিন, ডা. ইয়াসিন, ডা. সোহেল আরমান এবং চার নবজাতককে চিকিৎসক শিশু কনসালটেন্ট ডা. ইফতেখার উল হক খান নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিয়ে আসছেন।
Lakshmipur_bg_935312157
দায়িত্বরত চিকিৎসক ডা. শামিমা নাসরিন বলেন, গত ১৮ ঘণ্টায় প্রসূতি মা খিচুনি কিংবা উচ্চ রক্তচাপে আক্রান্ত হননি। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তিনি এখন আশঙ্কামুক্ত।

শিশু কনসালটেন্ট ডা. ইফতেখার উল হক খান বলেন, চার নবজাতক সুস্থ রয়েছে। তবুও মা ও শিশুদের আরও ৮ থেকে ১০ দিন হাসপাতালে থাকতে হবে।

শনিবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর শহরের মাতৃছায়া প্রাইভেট হাসপাতালে অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে কাজল আক্তারের (২৭) চার সন্তানের জন্ম হয়। এদের মধ্যে দু’টি ছেলে ও দু’টি মেয়ে।

কাজল আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের প্রবাসী জাকির হোসেনের স্ত্রী। ওই দম্পতির আগের ৮ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।