খুলনার ৫ নম্বর ঘাট এলাকার অস্থায়ী বেদেপল্লির বাসীন্দারা তাদেরকে বস্তি থেকে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে। বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালন করে তারা। 

মানববন্ধন পালনকালে তারা মাথায় ঝুলি ও কাঁধে ব্যাগ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

বক্তব্যে তারা বলেন, আমরা মানুষ, আমাদের বাচার অধিকার আছে। বেদে বলে আমাদের উপেক্ষা করবেন না। আমরা মানুষের মত বাচার সুযোগ চাই। 

বক্তারা বলেন, ‘আমাদের ঘর-বাড়ি নেই, মাথাগোজার ঠাঁই ও নেই, বস্তি উচ্চেদ করে দিলে আমরা কোথায় যাব; থাকব কোথায়? এ কথা কি কেউ চিন্তা করেছেন? প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদন, তারা মানুষের মত বাঁচতে চায়; মথা গোঁজার ঠাঁই চায়।

তাদের বক্তব্যে জানা যায়, দীর্ঘ ২৬ বছর ধরে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের বি-ব্লকের খুলনা রেলওয়ের জমিতে তাবু টানিয়ে পরিবার-পরিজন নিয়ে তারা বসবাস করে আসছে। কিন্তু হঠাৎ করে তাদেরকে বস্তি থেকে উচ্ছেদ প্রচেষ্টায় চিন্তিত হয়ে পড়েছেন। বিশেষ করে পরিবার-পরিজন নিয়ে তারা কোথায় যাবেন। ছেলেমেয়ের স্কুল-কলেজে লেখাপড়া বন্ধ হয়ে গেলে তাদের ভবিষ্যৎ কি হবে। এসব অন্ধকার কে সামনে রেখেই মানববন্ধন মত কর্মসূচি পালন করেছেন তারা। 

তারা আবেগ নিয়ে বলেন, আমরাও এ দেশের নাগরিক, আমাদের জাতীয় পরিচয়পত্র আছে। কিন্তু এরপরও কেন আমাদের বসবাসের জন্য স্থায়ী কোনো জায়গা নেই?

তারা অভিযোগের সুরে বলেন, সরকার সবার জন্য সবকিছু করলেও আমাদের জন্য কেন কিছু করছে না। তাদের থাকার জন্য একটা স্থায়ী জায়গা দাবি করেন। 

মনববন্ধনে বেদেপল্লির সর্দারিনী রুচিয়া বেগম, খোদেজা বেগম, আমেনা বেগম, হালিম বেগম, খালেদুন্নেছা, জাকিরুন বেগম, খাদিজা বেগম, লাকি বেগম, ভারতী বেগম, তাহেদা বেগম, মো. হৃদয় সরদার, আব্দুল্লাহ সরদার, আব্দুর রহমান সবুর, সেলিম সরদারসহ শতাধিক বাসিন্দা উপস্থিথ ছিলেন। 

মামুন/জারিফ