চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনার আজমপুরে গৃহবধূ পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গৃহবধূর নাম তহমিনা খাতুন (৪৫) বলে জানা যায়। এ সময় অনার্স পড়ুয়া মেয়ে জোৎস্না খাতুনকে (২৫) অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে ছয়/সাতজন স্বশস্ত্র দুর্বৃত্ত মাইক্রোবাসযোগে দামুড়হুদা উপজেলার দর্শনা শহরের আজমপুর কবরস্থানের কাছে আসে। এ সময় তারা শহরের বিদ্যুৎ বন্ধ করে আব্দুল কাদেরের বাড়িতে হানা দিয়ে তার চুয়াডাঙ্গা সরকারি কলেজের শেষ বর্ষের অনার্স পড়ুয়া মেয়ে জোৎস্না খাতুনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
জোৎস্নার মা তহমিনা এতে বাধা দিলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে বাম পায়ের রগ কেটে ফেলে এবং মেয়ে জোৎস্নাকে অপহরণ করে নিয়ে যায়। গুরুতর আহত তহমিনাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের স্বামী আব্দুল কাদের জানান, পূর্ব শত্রুতার জের ধরে তালাকপ্রাপ্ত জামাতা আতিয়ার রহমান এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, ২০০৭ সালে তার মেয়ের সঙ্গে যশোর জেলার চৌগাছা উপজেলার গোয়াতলী গ্রামের শের আলীর ছেলে আতিয়ার রহমানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। এরপর ২০১১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





