নোয়াখালীর সুবর্ণচরে পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহিজল ইসলাম (৪০) ওরফে সহিদুল নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকালে জাহাজমারা গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সহিজল জাহাজমারা গ্রামের কাজল বেপারীর ছেলে। স্থানীয় ছাঁইয়াখালী বাজারে তার ওষুধের দোকান রয়েছে।
চরজব্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিক উল্লাহ মাষ্টার জানান, জাহাজমারা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শনিবার দুপুরে পল্লী চিকিৎসক সহিজল কৌশলে তার দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করে।
বাজারের লোকজন ঘটনাটি জানার পর দোকানে তালা ঝুলিয়ে দেয় এবং ইউনিয়ন পরিষদ ও থানা পুলিশের কাছে অভিযুক্ত সহিজলের শাস্তির দাবি জানায়। রোববার বিকালে চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে সহিজলকে গ্রেফতার করে পুলিশ।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন জানান, এ ব্যপারে ভুক্তভোগীর শিশুটির ভাই বাদী হয়ে চরজব্বার থানায় মামলা দায়ের করেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
এমআই/ এআর





