নেত্রকোনার মোহনগঞ্জ ডিগ্রি কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ফাহিম (২২) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোজাম্মেল হক এ সাজার নির্দেশ দেন।
দণ্ডিত যুবক ফাহিম মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
মোহনগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) রমিজুল হক জানান, কয়েকদিন ধরে ফাহিম ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ নিয়ে অভিযোগ করা হলে পুলিশ দুপুরে তাকে আটক করে।
বিকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
কেএইচ





