গোপালগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার দুপুরে গোপালগঞ্জ শহরতলীর গোবরা চৌধুরীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন- সাতক্ষীরা জেলার অখড়াখোলা গ্রামের মো. আবুল হোসেন সরদারের ছেলে মো. আখতারুজ্জামান সরদার (৩২) ও বাগেরহাট জেলার মোল্লাহাট গ্রামের মৃত ইদ্রিস ফকিরের ছেলে মো. ইব্রাহিম ফকির (৩০)।
গোপালগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক আলিমুল হক জানান, ইয়াবা বিক্রির সময় ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছিলেন। এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কেএইচ





