ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইব্রাহিম মিয়া ও ইয়াসিন মিয়া। ইব্রাহিম সদর উপজেলার উত্তর সুহিলপুর গ্রামের অলি মিয়ার ছেলে ও ইয়াসিন একই গ্রামের সোনা মিয়ার ছেলে। তারা দু’জনই অটোরিকশার যাত্রী ছিলেন।
এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার অপর তিন যাত্রী। আহতদের মধ্যে অটোরিকশা চালক সাইফুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে বাকি দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় দুই ঘণ্টা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নন্দনপুর বাজার থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা সুহিলপুরের দিকে আসছিল। অটোরিকশাটি নন্দনপুর বাজার থেকে কিছুদূর গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ইব্রাহিম ও ইয়াসিন মারা যান। আহত হয় আরো তিনজন।
এদিকে, দুর্ঘটনার পর নিহত ইব্রাহিমের লাশ সড়কে রেখে দুই ঘণ্টা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। এতে করে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুই ঘন্টা পর রাত ১০টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দুর্ঘটনায় নিহত ও সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





