নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী নির্ভুল, স্বচ্ছ ও সবার কাছে গ্রহণযোগ্য একটি ভোটার তালিকা তৈরি করতে সকলের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন।

তিনি বলেন, এবার ১৫-১৭ বছর বয়সী নাগরিকদের নাম ভোটার তালিকায় নিবন্ধন করা হলেও বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে এরা ভোটার হবে না। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

তিনি মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৫’ সংক্রান্ত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পরে তিনি খাগড়াছড়ি জেলা সার্ভার স্টেশন উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মো. মজিদ আলী, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল বাতেন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, সদর উপজেলার চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, জেলা নির্বাচন অফিসার মো. নুরুল আলমসহ জেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেআই