আগামী ৩০ এপ্রিলের মধ্যে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বৈশাখী ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

শুক্রবার সকালে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জাতীয় নির্বাহী কমিটির সভায় তিনি এ দাবি জানান। প্রিন্সিপাল রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

এ ছাড়া সভায় সমিতির মহাসচিব চৌধুরী মুগীসউদ্দিন মাহমুদ, অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক আবু সাঈদ, অধ্যাপক মফিজুল ইসলাম, অধ্যাপক রকিবউদ্দিন খান, অধ্যাপক আ. গফফার, অধ্যাপক আবদুল হাকিম, অধ্যাপক ওসমান গনি, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যাপক এ টি এম গোলাম সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় মো. সেলিম ভূইয়া বলেন, শিক্ষকদের মর্যাদা দেওয়া ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। সকল পেশাজীবীদের সরকার ২০ শতাংশ বৈশাখী ভাতা দিয়েছে। অথচ বেসরকারি শিক্ষক-কর্মচারিদের বৈশাখী ভাতা দেয়নি।

তিনি বলেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের অনুরূপ বৈশাখী ভাতা না দেওয়া হলে শিক্ষকরা কর্মসূচি দিতে বাধ্য হবেন।

তিনি বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ করে সরকারি বেসরকারি বৈষম্য দূর করার আহ্বান জানান।

এম আর