সিরাজগঞ্জে উচ্ছেদ করা ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নদীভাঙা ভূমিহীন বাস্তুহারা সমিতি।

এ উপলক্ষে শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার থেকে সোমবার দুপুর ১২টার দিকে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে ভূমিহীন বাস্তুহারা সমিতির নেতারা জানান, গত ১১ আগস্ট সিরাজগঞ্জ পৌর এলাকার থানা রোড থেকে পাসপোর্ট অফিস এলাকা পর্যন্ত পরিত্যক্ত রেল-সড়কের দুই পাশে বসবাসরত ভূমিহীনদের উচ্ছেদ করা হয়।

তবে একাধিকবার ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে সহকারী কমিশনার (ভূমি) বরাবর স্মারকলিপি দিয়েও তাদের পুনর্বাসন করা হয়নি। বর্তমানে উচ্ছেদ করা ভূমিহীন পরিবার বিভিন্ন জায়গায় খোলা আকাশের নিচে বসবাস করছে বলেও জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, নদীভাঙা বাস্তুহারা সমিতির সভাপতি মেরাজ মোল্লা, সাধারণ সম্পাদক মোসলিম উদ্দিন, অ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল, আবু বক্কর ভূঁইয়া, নাজমুল ইসলাম মুকুল প্রমুখ। পরে ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি, জেআই