নারায়নগঞ্জ-৫ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। সেই সঙ্গে সম্ভাব্য সন্ত্রাস সৃষ্টিকারীদের গ্রেফতার করার সুপারিশও করা হয়।
রোববার ইসির সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে এ সুপারিশ করা হয়।
চিঠিতে বলা হয়, সেলিম ওসমানের বিপক্ষে আইভী (সেলিনা হায়াত আইভী) গ্রুপ ও বিএনপি-জামায়াতের সমর্থকরা ঐক্যবদ্ধ হয়ে সংঘর্ষের সৃষ্টি করতে পারে।
চিঠিতে আরো বলা হয়, ‘নারায়নগঞ্জে আলোচিত সাত খুনের পর বিদ্যমান পরিস্থিতিতে নারায়নগঞ্জ-৫ আসনের উপনির্বাচনকে ঘিরে সরকারের ভূমিকা নিয়ে দেশের জনগণের দৃষ্টি নারায়ণগঞ্জের দিকে নিপতিত রয়েছে। ফলে পরিস্থিতি অবনতি হলে সরকারেরর ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।’
এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনী এলাকায় বিশেষ করে ঝূঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর আশেপাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলসহ ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চালানোর নির্দেশনা দেয়ার কথা বলা হয়েছে।
এলাকায় সম্ভাব্য গোলযোগ সৃষ্টিকারীদের প্রয়োজন বিবেচিত হলে আগাম গ্রেফতার করা এবং বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়াতে বলা হয়।
আগামী ২৬ জুন এ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এএইচ





