রাজধানীর মিরপুর-১ এ প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে তিন নারীসহ ১৩ জন নিহতের ঘটনা তদন্তে ৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সনি সিনেমা হলের পেছনের অ্যাপকো বাংলাদেশ লিমিটেড নামে প্লাস্টিক কারখানার ৪ তলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চারতলা ভবনের পুরোটাতেই প্লাস্টিক জাতীয় পণ্য তৈরির কারখানা ছিল বলে জানিয়েছেন দমকল বাহিনী নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) মোহাম্মদ আলী।
মিরপুর শাহআলী থানার ওসি সেলিম-উজ-জামান জানান, এখন পর্যন্ত ভবন থেকে পুড়ে যাওয়া ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের লাশ ঢামেক হাসপাতালে রয়েছে।
নিহত ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—রাশিয়া বেগম (৩৬), মোখলেসুর রহমান বাচ্চু (৩৫), ফাতেমা হোসেন ঈশিতা (২৮) ও তাজবির হাবিব (৩০)। এরা সবাই ওই কারখানায় কাজ করতেন।
অগ্নিকাণ্ডের পর রাত সোয়া ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক মো. ইকবাল হাসানের নেতৃত্বে ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে।
তিনি আরও বলেন, এই ঘটনার সঙ্গে যদি কর্তৃপক্ষের গাফিলতি থাকে তবে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে। এমন একটি আবাসিক এলাকায় এ ধরনের কারখানা থাকা উচিত নয়।
এআর





