পদ্মা সেতুর চ্যালেঞ্জিং কাজ ছিল নদীতে পিয়ার তৈরি করা। সেই ৪২টি পিয়ারের মধ্যে সর্বশেষটির কাজ শেষ হচ্ছে আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে।

পদ্মা সেতুর একাধিক প্রকৌশলী এই খবর নিশ্চিত করেছেন।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার শাওন বলেন, “আজ সর্বশেষ পিয়ারের কাজ শেষ হতে যাচ্ছে দেখে অসম্ভব ভালো লাগছে। কারণ সাব-স্ট্রাকচার অংশের এই কাজটা অনেক চ্যালেঞ্জিং ছিল। একসময় পদ্মা সেতুর পিয়ার তৈরিতে নদীর মাটির জটিলতার কারণে কিছু সমস্যা হয়েছিল। পরে নকশায় কিছু পরিবর্তন এনে সেই সমস্যা দূর করা হয়। তবে, আমি সব সময় বিশ্বাস করেছি সমস্যার কোনও না কোনও সমাধান পাওয়া যাবেই।”

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, “পদ্মা সেতুর সর্বশেষ ৪২তম পিয়ার, যার আইডি নম্বর পি-২৬, এর কংক্রিটিংয়ের কাজ দুপুর ১২টায় শুরু হয়েছে। কংক্রিটিংয়ের কাজ শেষ হতে ১০ ঘণ্টার মতো সময় লাগবে। আজ রাত ১০টার দিকে শেষ হয়ে যাবে সেতুর সব পিয়ার।”

তিনি আরও বলেন, মূল সেতুর ৪২টি পিয়ার ছাড়াও মাওয়াপ্রান্তের ভায়াডাক্টে ৪৪টি পিয়ার ও জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৭টি পিয়ার আছে। সব মিলিয়ে ১৩৩টি পিয়ারের কাজ শেষ হতে যাচ্ছে আজ। সংশোধিত প্রোগাম অনুযায়ী সেতুর শেষ পিয়ার করার লক্ষ্য ছিল ২০২০ সালের ৩০ এপ্রিল।

প্রকৌশলী আব্দুল কাদের বলেন, “এসব পিয়ার সম্পূর্ণ করতে বেশ কিছু নতুন টেকনোলজি ব্যবহৃত হয়েছে, যা আগে কখনও বাংলাদেশে হয়নি। সার কথা, পদ্মা সেতু একটি মজবুত সেতু হবে এবং কমপক্ষে ১০০ বছর টিকবে।”

এমবি