রাজধানীর মগবাজার-মৌচাক নির্মাণাধীন ফ্লাইওভারের সংলগ্ন রাস্তাগুলো জরুরি ভিত্তিতে সংস্কার ও রক্ষণাবেক্ষণে একটি কমিটি গঠন করেছে যোগাযোগ মন্ত্রণালয়।

বুধবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে মগবাজার ফ্লাইওভারের চলমান নির্মাণ কাজের সময়ে উদ্ভুত যানজট সংক্রান্ত সভা শেষে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

মন্ত্রী জানান, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটি নির্মাণাধীন মগবাজার ফ্লাইওভারের চলমান নির্মাণকাজের সময়ে আশেপাশের এলাকায় যানজট ও জলাবদ্ধতা সমস্যা সমাধানে এবং রক্ষণাবেক্ষণ কাজ তদারকি করবে।

এই কমিটি প্রাথমিকভাবে আগামী কোরবানির ঈদ ও দুর্গাপূজা উপলক্ষে কাজ করবে এবং মগবাজার ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের কাজ চলাকালীন পর্যন্ত কাজ অব্যাহত রাখবে। এ কমিটর কাজ মন্ত্রী নিজেই তদারকি করবেন বলেও জানান।

মন্ত্রী বলেন, রাজধানীর রাস্তাগুলো নিয়ে মানুষ সাংঘাতিক ভোগান্তি ও দুর্ভোগে রয়েছে, মানুষের প্রতিক্রিয়া আমার ওপরে এসে পড়ে, কারণ আমি রাস্তাঘাটে থাকি।

শীতলক্ষ্মা সেতুর দরপত্র
এক হাজার ৯০ মিটার দীর্ঘ তৃতীয় শীতলক্ষ্মা সেতুর দরপত্র বুধবার আহ্বান করা হয়েছে বলেও জানান মন্ত্রী। আগামী জানুয়ারি মাসে এ সেতুর নির্মাণ কাজ শুরু হবে।

সভায় সড়ক বিভাগ, ঢাকা সিটি কর্পোরেশন এবং ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই