গত আট দিন ধরে দেশজুড়ে শৈত্যপ্রবাহ বইছে। এর মধ্যে তেঁতুলিয়ায় ৬৮ বছরের মধ্য দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল এবং ঢাকা বিভাগের বেশির ভাগ জায়গায় মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। যদিও তাপমাত্রা বাড়ছে। পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে শৈত্যপ্রবাহের তীব্রতা কমে আসতে আরও দুই দিন লাগবে।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছী উপজেলায় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে সব বিভাগের অধিকাংশ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
তিনি আরও জানান, শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের উত্তর পশ্চিমাংশে তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এমআর





