সিলেটের কানাইঘাটে নদী তীরে পাথর উত্তোলনকালে মাটিচাপায় ছয়জনের মৃত্যুর ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ আমিনুর রহমানকে প্রধান করে জেলা প্রশাসন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর উত্তর) আবুল হাসনাত খানকে প্রধান করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক এ দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে, নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ১৫ হাজার ও আহত একজনকে ১০ হাজার টাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।
সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবজিত সিংহ তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: আব্দুল্লাহ ও আরডিসি কাজি আরিফুর রহমানকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে। দেবজিত জানান, এই ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
এদিকে, পুলিশের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটিতে এসবি ডিএসবি নুরুল আফসার খান ও সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামকে সদস্য করা হয়েছে। এই কমিটিকেও আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরকার তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লখ্য, গতকাল মঙ্গলবার সকালে ভারতের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোভাছড়া পাথর কোয়ারী সংলগ্ন বাংলাটিলা এলাকায় নদী তীরে সুরং খুঁড়ে পাথর উত্তোলনের সময় আকস্মিক টিলা ধসে পড়ে। এতে চার শিক্ষার্থী ও দুই পাথর শ্রমিক নিহত হয়। স্থানীয় ডাউকেরগুল নেছারিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল উপলক্ষে বসা বাজারে কেনাকাটার খরচ যোগাতে পাথর উত্তোলন করতে সেখানে গিয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।





