বাড়ির নাম ‘শান্তি নিবাস’। বাড়িটির অবস্থান দিনাজপুর সদর উপজেলার রাজবাড়ী এলাকায়। এই বাড়িতে বাস করেন ২০ জন বৃদ্ধ। আসলে এই ‘শান্তি নিবাস’ হচ্ছে বৃদ্ধাশ্রম।

এখানে যারা আশ্রিত হয়েছেন তারা এ সমাজের নিম্মবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারের অভিভাবক ছিলেন এক সময়। এখন তারা অসহায় ও অবহেলিত। নিজ পরিবারের বাইরে অন্যের সহানুভূতির ওপর ভর করে তারা বেঁচে আছেন। যাদের মন কাঁদে তাদের অনেকেই বৃদ্ধদের দেখতে এখানে ছুটে আসেন।

রমজান চলছে, সামনে ঈদ। এমন একটি পবিত্র সময়ে ‘শান্তি নিবাসে’ তাদের পাশে এসে দাঁড়ালেন, ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ‘মানবাধিকার সংস্থা’ হিউম্যান র্ইাঁটস রিভিউ সোসাইটির রাজশাহী বিভাগীয় সভাপতি শাহাদাৎ হোসেন মুন্না।

‘শান্তি নিবাসে’ অবস্থানরত বৃদ্ধদের একটু শান্তির পরশ দিতে তিনি তাদের হাতে তুলে দিলেন ঈদ বস্ত্র পাঞ্জাবী, লুঙ্গি ও শাড়ী। এ ছাড়াও সন্ধ্যায় তাদের মাঝে বিতরণ করলেন উন্নত মানের ইফতার সামগ্রী।

এ সময় শান্তি নিবাসের পরিচালক দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব শাহ্ আলম শাহী, বিএফইউজে যুগ্ম মহাসচিব সাহাদাৎ হোসেন শাহ্, ক্যাবল টিভি দর্শক ফোরামের রাজশাহী বিভাগীয় মহাসচিব আসাদুর রহমান ভূইয়া তপন, জেলা শাখার সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু উপস্থিত ছিলেন।

বৃদ্ধাশ্রমে সহানুভূতির হাত বাড়িয়ে দেয়া শাহাদাৎ হোসেন মুন্না বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, ‘আর কোন পিতা-মাতার আশ্রয়স্থলের ঠিকানা যেন কোন বৃদ্ধাশ্রমে না হয়।

ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই