সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই ইউরোপ প্রবাসীকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। তারা বিমানের বিজি-২০২ ফ্লাইটে করে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিলেটে আসেন। এদের একজন ফ্রান্স এবং অন্যজন পর্তুগালের পাসপোর্টধারী। বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় যুক্তরাজ্য থেকে বিমানের ফ্লাইটটি সিলেটে অবতরণ করে। ওই বিমানের ইউরোপের পাসপোর্টধারী দু’জনকে ইমিগ্রেশন থেকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। সেখানে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যুক্তরাজ্য ব্যতিত ইউরোপের অন্য দেশের পাসপোর্টধারীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে ফ্রান্স এবং পর্তুগালের পাসপোর্টধারী দুজনের ইমিগ্রেশন করা হয়নি। তাদেরকে বিমান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ইউরোপীয় পাসপোর্টধারী এই দুই যাত্রীর একজনের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায় আর অন্যজনের বাড়ি চট্টগ্রামে। ফ্রান্স এবং পর্তুগালের পাসপোর্টধারী হলেও তারা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছিলেন।
এমআর





