নগরীর ২নম্বর গেইট এলাকায় রেল লাইনের দু’পাশ থেকে কাঁচা বাজার উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার দুপুরে তিনঘণ্টা ধরে চালানো এ অভিযানে শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

ষোলশহর কর্ণফুলী মার্কেট। সিটি কর্পোরেশন অনুমোদিত এ মার্কেটটির পাশে রেললাইনের দু’ধারে অবৈধভাবে গড়ে উঠে কাঁচা বাজার। কেনাবেচার জন্য বস্তির বাসিন্দা ও স্থানীয় লোকজনের সব সময় ভিড় লেগে থাকে এখানে। প্রতিদিন সকাল বিকাল রেললাইনের উপরও বসে কাঁচা বাজার। ট্রেনের হুইসেলের আওয়াজে রেললাইন থেকে সরে যায় লোকজন। ট্রেন চলে যাওয়ার পর আবারও শুরু হয় বিকিকিনি।

বাজারটি থেকে স্থানীয় সন্ত্রাসীরা নিয়মিত মাসোহারা নেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। রেললাইনের ধারে জীবন-মৃত্যু নিয়ে এ খেলা দীর্ঘদিন চলে আসলেও বাজারটি উচ্ছেদ করেনি রেল কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজার রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় চারজনের মর্মান্তিক মৃত্যুর পর টনক নড়ে রেল কর্তৃপক্ষের। রেললাইনের দু’ধার থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। নির্দেশনার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে বাজারটি উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, ‘২নং গেইট এলাকায় রেললাইনের দু’ধারে অবৈধভাবে গড়ে উঠা ভাসমান প্রায় একশটি দোকান উচ্ছেদ করা হয়েছে। কোনভাবেই রেললাইনের পাশে অবৈধ স্থাপনা ও বাজার বসতে দেওয়া হবে না। উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।’

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই