চট্টগ্রামে সাবেক স্বামীর ছুরিকাঘাতে রীনা আক্তার (৩৫) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে নগরীর ইপিজেড থানার কলসি দীঘির পাড় রেললাইনের ওপর প্রকাশ্যে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে তার সদ্য তালাকপ্রাপ্ত স্বামী হাবিবুর রহমান (৩৯)।
তালাক দেয়ার কারণে স্ত্রীকে এমন প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।
নিহত রীনা আক্তার ইপিজেডে একটি পোশাক কারখানায় কাজ করতো। আর স্বামী হাবিব রাজমিস্ত্রির কাজ করে।
ইপিজেড থানার ওসি আবুল মনসুর বলেন, 'হাবিবুর ও রীনা স্বামী স্ত্রী ছিলেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সৌদি প্রবাসী একজনের সাথে পরকীয়ার জেরে হাবিবুরকে কয়েকদিন আগে তালাক দেয় রীনা। বিষয়টি মেনে নিতে পারে না হাবিবুর। এ নিয়ে তাদের মধ্যে কয়েকবার ঝগড়াও হয়। সকালে রীনা পোশাক কারখানায় কাজে যাওয়ার সময় হাবিবুরের সঙ্গে আবারও তার ঝগড়া হয়।
একপর্যায়ে বাসার কাছেই কলসি দীঘির পাড়ের রেল লাইনের ওপর সবার সামনেই রীনাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হাবিবুর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আশেপাশের লোক এসে হাবিবুরকে আটক করে পুলিশের সোপর্দ করে।'
নিহত রীনার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাবিবুর রহমানকে আসামি করে ইপিজেড থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি আবুল মনসুর।
কেএইচ





