গ্যাসের দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে ৪ সংগঠনের এক বিক্ষোভ সমাবেশ আজ বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত হয়।
জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম, নয়াগণতান্ত্রিক গণমোর্চা সভাপতি জাফর হোসেন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ সাধারণ সম্পাদক আদিত্য মাহমুদ ও ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা।
সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন সভাপতি পারভেজ লেলিন।
সমাবেশের সভাপতি টিপু বিশ্বাস বলেন, গ্যাসের দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিলে জনগণকে সংগ্রামে রাজপথে নামতে হবে।
সমাবেশে ফয়জুল হাকিম বলেন, বিইআরসি গণশুনানীর নামে জনগণের সাথে এতোদিন যে নাটক করে এসেছে সে নাটক বন্ধ করতে হবে। দেশী-বিদেশী সিলি-ন্ডার ব্যবসায়ীদের স্বার্থে সরকার একাজ করছে বলে তিনি বলেন, সরকার বৃহৎ পুঁজির সেবা করছে।
জাফর হোসেন বলেন, গ্যাস বিদ্যুৎ ক্ষেত্রে দুর্নীতি চরম সীমায় পৌঁছেছে। হাসিনা সরকার এই দুর্নীতি রক্ষায় দায়মুক্তি আইন করে রেখেছে।
আদিত্য মাহমুদ বলেন, জনগণ হাসিনা সরকারের দুর্নীতি-দুঃশাসন থেকে মুক্তি চায়।
মাইকেল চাকমা বলেন, বাসা-বাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহ থাকে না অথচ সরকার অযৌক্তিকভাবে দাম বাড়িয়েছে। সমাবেশ শেষে মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
মাহমুদ





