অব্যাহত বৈরী আবহাওয়ায় বিশেষ করে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি-লঞ্চ, কার্গো-নৌকা ইত্যাদি চলাচল ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুক্রবার রাত ১২টায় লাশবাহী যানবাহনসহ কিছু যানবাহন নিয়ে একটি ফেরি পাটুরিয়া থেকে দৌলতদিয়া যায়। এরপর থেকে অন্য সকল ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। শনিবার দুপুরে আবহাওয়া কিছুটা উন্নতি হলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।  
শনিবার বিকেল পর্যন্ত পাটুরিয়া ও আরিচা রুটের সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফেরি লঞ্চ বন্ধ থাকায় উভয় পারে অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। দৌলতদিয়াগামী ট্রাক পাটুরিয়া ঘাটের পরিবর্তে উথলী মোড় থেকে আরিচা সড়কে দাঁড় করিয়ে রাখা হয়। এতে পাটুরিয়া ও আরিচা ঘাটে অন্তত ৭শ’ পন্যবাহী ট্রাক আটকে আছে। 
জানা গেছে, শনিবার বিকেলে বৃষ্টির মাত্রা কিছুটা কমে আসায় সীমিত আকারে ফেরি চলাচল করলেও লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এতে অগনিত যাত্রীসাধারণ, পরিবহন শ্রমিক ও ঘাট সংশ্লিষ্টরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। 
১২ ঘণ্টা পর শনিবার দুপুরে ফেরি সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করলেও পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে বিভিন্ন ধরনের প্রায় দুই হাজার যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। তবে, যাত্রীবাহী বাস-কোচ, মাইক্রোবাস ও অন্যান্য গাড়ি জরুরি ভিত্তিতে পারাপার করা হচ্ছে। 
এমএ