ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২৩টি সোনার বার (যার ওজন প্রায় ২৩ কেজি) উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। বুধবার (২৪ আগস্ট) রাতে এক যাত্রীর কাছ থেকে এই সোনার বারগুলো উদ্ধার করা হয়। আতাউল মজিদ (৩২) নামক ওই যাত্রীকে আটক করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ-৪৪৬ ফ্লাইট অবতরণের পর মজিদকে আটক করা হয়। তার বাড়ি সৈয়দপুরে।
শুল্ক কর্মকর্তারা দাবি করেছেন, মজিদের কাছ থেকে উদ্ধারকৃত ২২৩টি সোনার বারের ওজন প্রায় ২৩ কেজি (প্রতিটি ১০ তোলা)। যার আনুমানিক মূল্য সাড়ে ১১ কোটি টাকার বেশি।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (এসি-প্রিভেন্টিভ) এমএইচ আহসানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মজিদ শুল্ক কর্মকর্তাদের ফাঁকি দেওয়ার জন্য হুইলচেয়ারে করে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন। সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়।
এ সময় তার কোমরের বিশেষভাবে তৈরি করা বেল্ট ও অন্তর্বাসের ভেতর থেকে মোট ২২৩টি সোনার বার এবং বেশ কিছু সোনার তৈরি গয়না উদ্ধার করা হয়। যার মূল্য সাড়ে ১১ কোটি টাকা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএনজে





