বরগুনার আমতলী উপজেলার খুড়িয়াখেয়া ঘাট এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, খেয়াঘাট এলাকার আছিয়া বেগম ও মজনু মৃধাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
দুপুরে মজনু মৃধা তার লোকজন নিয়ে জমিতে হাল চাষ করতে গেলে আছিয়া বেগমের লোকজন তাদের বাধা দেন। এ সময় উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তঃসত্ত্বা নারীসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়।
আহতরা হলেন- নাসিমা (৩৫), আ.মান্নান (৪৫), শান্তি বেগম (৩৫), আসমা (৩০), মমতাজ (৩০), অন্তঃসত্ত্বা মিনারা বেগম (৩০), যমুনা (৫০), শাহিদাসহ (২৫) আরো দু’জন গুরুতর আহত হয়।
এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মমতাজ, অন্তঃসত্ত্বা মিনারা বেগম, যমুনা ও শাহিদাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, দু’গ্রুপের সংঘর্ষের খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এমকে





