ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় নুরুল আমিন (৩৭) নামে এক ব্যক্তির মোটরসাইকেলে আগুন দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষক লাঞ্ছনার অভিযোগে নুরুল আমিনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। ঢাবির শহীদুল্লাহ হলের সামনে রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান ও তার সহকর্মী প্রভাষক শ্যামল চন্দ্র কর্মকার রিকশায় করে ক্যাম্পাস থেকে বাসায় ফিরছিলেন। রিকশাটি শহীদুল্লাহ হলের সামনে পৌঁছালে পেছন থেকে নুরুল আমিন মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেন। এ ঘটনায় রিকশাচালক ও নুরুল আমিনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বাকবিতণ্ডার একপর্যায়ে দুই শিক্ষক তাদের পরিচয় দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় নুরুল আমিন ক্ষিপ্ত হয়ে সহযোগী অধ্যাপক মিজানুর রহমানের মুখে হেলমেট দিয়ে আঘাত করেন। এতে তিনি আহত হন। খবর পেয়ে শিক্ষার্থীরা এসে নুরুল আমিনকে গণধোলই দিয়ে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাবির প্রক্টর ড. এম আমজাদ আলী বলেন, মিজানুর রহমান নিজেকে শিক্ষক পরিচয় দেওয়ার পরও নুরুল আমিন নামের ওই ব্যক্তি তাকে আঘাত করেন। এতে উত্তেজিত শিক্ষার্থীরা তার মোটরসাইকেলেটিতে আগুন ধরিয়ে দেয়।

তিনি বলেন, আহত সহযোগী অধ্যাপক মিজানুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকী বলেন, ঢাবির এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

জেআই