নরসিংদীর পুরনো বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে এক পথচারী শিশু (১২) নিহত হয়েছে। এসময় দুই নারীসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।
শহরের চৈতালপাড়া এলাকায় বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম স্বপন মিয়া। তার বাড়ি শহরের বকুল তলা এলাকায়।
আহতরা হলেন- বিউটি সাহা (৪৫), মনি সাহা (৩২), শওকত হোসেন (৩৩)। তারা সবাই পথচারী। এ ছাড়া আরও দুইজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। তাদের নাম জানা যায়নি।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে এলাকার সন্ত্রাসীদের দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির সময় পথচারী এক শিশু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। শিশুটি একটি কারখানার শ্রমিক।’
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। দিন দুপুরে আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জেআই





