পাবনার জেলার ফরিদপুরে নৌকা ডুবে দুটি ভোটকেন্দ্রের অন্তত আড়াই হাজার ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচন সামগ্রী নষ্ট হয়ে গেছে।

বুধবার দুপুর ২টার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ফরিদপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট উপলক্ষে উপজেলার বিভিন্ন কেন্দ্রের নির্বাচন সামগ্রী বুধবার সকাল থেকে পাঠানো শুরু হয়। দুপুর ২টার দিকে পুঙ্গলী ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিলচন্দক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মালামাল নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপজেলার বনওয়ারীনগর ঘাট থেকে নৌকায় ওঠেন। ঘাট থেকে রওনা হওয়ার মুহূর্তে নৌকাটি উল্টে ডুবে যায়। এতে বস্তাভর্তি আড়াই হাজার ব্যালট পেপারসহ নির্বাচনের সব মালামাল পানিতে ভিজে নষ্ট হয়ে যায়।

এ বিষয়ে পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নির্বাচনী মালামাল নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে। ঢাকা থেকে নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রাতের মধ্যে নির্বাচন সামগ্রী আনার চেষ্টা করছি আমরা। তবে কী পরিমাণ ব্যালট বা অন্যান্য সামগ্রী নষ্ট হয়েছে তা তিনি জানাতে পারেননি।

বুধবার বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত নদীর পাশে একটি স্থানে ভিজে যাওয়া ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী শুকানোর কাজ চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় ওই দুটি কেন্দ্রে ভোট গ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এমই