দু’দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে ১৩.৮০ (১৩ সেন্টিমিটার) সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে প্লাবিত হয়েছে জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার নিম্নাঞ্চল।

এদিকে, অতিরিক্ত পানির চাপে বেশ কয়েকটি বাঁধও হুমকির মুখে রয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রমজান আলী এ তথ্য নিশ্চিত করে জানান, ২৪ ঘণ্টায় জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ফলে বাজার রক্ষাবাঁধ ভেঙে পানি ঢুকে ব্যবসায়ীদের প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল নষ্ট হয়ে গেছে।

ফুলগাজী-ফেনী আঞ্চলিক সড়কে হাঁটু পানিতে যান চলাচলে বিঘ্ন ঘটছে, ফুলগাজী-গোসাইপুর সড়ক, ফুলগাজী-শ্রীপুর আঞ্চলিক সড়কসহ বেশ কিছু সড়ক। প্লাবিত হয়েছে ২০টির ও বেশি গ্রাম। ভেসে গেছে পুকুর ও ফসলের খেত।

স্থানীয়রা জানান, গত ২ দিনের অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ফুলগাজীর মুহুরী নদীর ফুলগাজী উত্তর দৌলতপুর শাহাপুর এলাকায় বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়।

এতে উপজেলা, হাসাপাতাল এলাকা, সদর ইউনিয়নের শ্রীপুর, দেবপাড়া, বাসুদা, বাইনবাড়ী, গোসাইপুর, শালধর, নিলক্ষী, বিজয়পুর গ্রাম, দরবারপুর, মুন্সীরহাটসহ উপজেলার মোট ২০টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়।

এদিকে, টানা বর্ষণে জেলার ছাগলনাইয়া উপজেলার নিম্নাঞ্চল পাঠন নগর, রাধানগর, উত্তর সতর, শান্তিরহাটের, করৈয়াসহ বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়ে রাস্তঘাট তলিয়ে গেছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী রমজান আলী জানান, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শনে গিয়েছে। এবং ভাঙা বাঁধ মেরামতের চেষ্টা চালাচ্ছে।

এছাড়াও ফেনী শহরেও দেখা দিয়েছে জলাবদ্ধতা, শহরের এসএসকে সড়ক, ফেনী শহর পুলিশ ফাঁড়ি ফায়ার সার্ভিস হাঁটু পানির নিচে তলিয়ে গেছে।

এসএইচ