নড়াইলকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (১২ মার্চ) সকালে এসপি অফিসের হল রুমে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে নড়াইলকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি সহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হাসান, সহকারি পুলিশ সুপার আশরাফ ও মেহেদী, নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, সিনিয়র সাংবাদিক কার্তিক দাস, মারুফ সামদানি, ফরহাদ খান, কৃপা বিশ্বাস, আলমগীর খান সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, সদর উপজেলার তুলারামপুর আশার আলো মহাবিদ্যালয়ের পাশেই যাত্রা গানের আসর বসানো হয়েছে। যেখানে প্যান্ডেলের মধ্যেই প্রকাশ্যে চলছে বিভিন্ন রকম মাদক সেবন। প্রতি রাতে যাত্রা প্যান্ডেলের পাশে মাদকের হাট বসে। দেদারছে বিক্রি হচ্ছে সকল প্রকার মাদক। সন্ধ্যা হতে ভোর পর্যন্ত চলে নানা রকম মাদক সেবন আর অশ্লিল নাচ গান।

এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। অনেক পরীক্ষার্থী অভিভাবকের চোখ ফাঁকি দিয়ে অশ্লিল নাচ গান দেখতে যাচ্ছে। জড়িয়ে পড়ছে নেশায়। সচেতন মহল এ যাত্রা বন্ধের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

নাম প্রকাশেঅনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এ যাত্রা চললে মাত্র কয়েকজন ব্যক্তি আর্থিকভাবে লাভবান হবেন। কিন্তু সমাজের জনগনের অপূরনীয় ক্ষতি হবে।


যাত্রার আয়োজক নড়াইল সদর সাব রেজিস্ট্রী অফিসের দলিল লেখক সমিতি’র সধারণ সম্পাদক আনিস’র সাথে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।

আয়োজক কমিটি’র মেহেদী’র নিকট জানতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি মোবাইল কেটে দেন।

নড়াইল সদর থানার ওসি দেলায়ার হোসেন জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে। আর যদি মাদক ও অশ্লিল কোন কিছু ঘটে, তাৎক্ষনিক বন্ধ করে দেয়া হবে।

সচেতন মহলের দাবি এ আসরের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়া হোক।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি জেলা পুলিশ সুপার এর উদ্বোগে মাদক বিরোধী এক শোভাযাত্রায় এক মাসের মধ্যে নড়াইলকে মাদক ও জঙ্গী মুক্ত করার ঘোষণা দেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।

রিন্টু/জারিফ