ডিসেম্বরেই গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

আজ (রোববার) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন।

গত ২৭ নভেম্বর পুলিশের নবগঠিত এন্টি টেররিজম ইউনিটে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে বদলি হওয়া মনিরুল ইসলাম জানান, হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় এখন পর্যন্ত সোহেল মাহফুজ, রাজিব, রাশেদ, জাহাঙ্গীর ও রিগ্যান’সহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হলি আর্টিজানে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে।

মনিরুল ইসলাম বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় নিহতদের মধ্যে বাশারুজ্জামান চকলেট ও ছোট মিজান নিহত হয়েছেন।

হলি আর্টিজান হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগীরা সবাই শনাক্ত হয়েছেন। এই হামলার অন্যতম পরিকল্পনাকারী সাগর এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আর মামলার অভিযোগপত্র এই মাসেই দেয়া হবে।

এমবি