গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শিশু-মহিলাসহ কমপক্ষে ৩০জন আহত হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার গোপীনাথপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানায়, রবিবার সন্ধ্যায় ওই গ্রামের দুই বন্ধু মামুন মোল্যার সঙ্গে জামিল মোল্যার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির পর হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে শিশু-মহিলাসহ কমপক্ষে ৩০জন আহত হয়। এর মধ্যে মারাত্মক আহত ১৮জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেএ