দেশে শিশুদের ওপর বর্বর নির্যাতনের একের পর কাহিনী প্রকাশের মধ্যেই এবার এক নিপীড়ককে তাৎক্ষণিকভাবেই সাজা দিল আদালত। বৃহস্পতিবার বিকালে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
পেয়ারা চুরির অভিযোগে এক শিশুকে মারধরের দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব এক যুবককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মিজানুর রহমান (১২) নামের একটি শিশুকে মারধর করেন জাহাঙ্গীর আলম তালুকদার (২৫)। আর জাহাঙ্গীরকে সাজা দেয়া হয় বিকালে।
দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর সাদুল্যাপুর উপজেলার হবিবুল্লাপুর গ্রামের আব্দুল মজিদ ভোলা তালুকদারের ছেলে। এর আগে দুপুরে পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম তালুকদারকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, আজ সকালে ভোলা তালুকদারের বাড়ির গাছ থেকে পেয়ারা ছিড়ে মিজানুর রহমান। এ সময় জাহাঙ্গীর আলম তালুকদার বিষয়টি টের পেয়ে তাকে মারধর করে। এতে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে তাকে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, শিশুকে মারধরের অভিযোগ পেয়ে জাহাঙ্গীর আলম তালুকদারকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান।
সম্প্রতি সিলেট, খুলনা ও বরগুনায় চুরির অভিযোগে তিনটি শিশুকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় সারাদেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এআর





