পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ শিক্ষকদের ওপর হামলা এবং প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজির মামলায় ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
সোমবার পাবনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-২ আদালতে উপস্থিত হয়ে ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবদুস সবুর খানের দায়ের করা ওই মামলায় জামিন আবেদন করেন রনি।
এ সময় বিচারক আবু বাছেদ জামিন আবেদন নামঞ্জুর করে রনিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। একই মামলার অপর আসামি ছাত্রলীগ কর্মী শিশিরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকেও কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য গত বুধবার চাঁদা না পেয়ে ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আব্দুস সবুর খান ও উপাধ্যক্ষ আবদুল জলিলসহ বেশ কয়েকজন শিক্ষকের ওপর রনির নেতৃত্বে হামলা চালায় ছাত্রলীগের একদল নেতাকর্মী।
এই ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার আরমান, সাধারণ সম্পাদক সাব্বির হাসানসহ ছাত্রলীগ কর্মী শুভ, রাতুল,শিশির, শিপন ও হাসানসহ ১১ ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাস ও চাঁদাবাজি মামলা দায়ের করেন কলেজ অধ্যক্ষ।
এদিকে, হামলাকারী ছাত্রলীগ নেতাদের গ্রেফতার ও বিচার দাবিদে ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষকরাসহ সারাদেশের বিসিএস শিক্ষা সমিতির উদ্যোগে সোমবার সারাদেশের সকল সরকারি কলেজে কালোব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
রাকিবুল হাসান/এসএম





