গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার আজ রোববার শেষ দিন। প্রার্থীরা ব্যস্ত শেষ মুহুর্তের প্রচারণায়। আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম সালনায় সকাল ৮টায় প্রচারণা শুরু করেছেন।
আর বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার টঙ্গী থানা বিএনপির কার্যালয়ে প্রেস ব্রিফিং করবেন বেলা ১১টায়। কাউন্সিল প্রার্থী ও তাদের কর্মীরা দিনরাত প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের পোলিং এজেন্ট নিয়োগ প্রশিক্ষণ নিয়ে।
এদিকে, প্রায় ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে নির্বাচনী এলাকায়। টঙ্গী, জেলা শহর এবং মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র তারা অবস্থান করছেন। তাছাড়া, র্যাব ৫৮টি টিম, ১০ হাজার ২৪ জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে।
নির্বাচনী সহায়ক দ্রব্যাদি আজ প্রিজাইডিং অফিসারদের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল।
প্রসঙ্গত, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ৩১ মার্চ। ঘোষিত তফশিল অনুযায়ী ১৫ মে এ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু সীমানা নির্ধারণ নিয়ে জটিলতাকে কেন্দ্র করে হাইকোর্ট গত ৬ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে আদেশ দেয়। এতে স্থগিত হয়ে যায় নির্বাচনী সকল প্রকার কার্যক্রম।
পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থী এবং নির্বাচন কমিশন।
শুনানি শেষে ওই স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচন অনুষ্ঠান করার আদেশ দেন উচ্চ আদালতে। উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে আগামী ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে দ্বিতীয় দফায় ঘোষণা দেয় নির্বাচন কমিশন।
নতুন ঘোষিত তারিখ অনুযায়ী প্রার্থীরা ১৮ জুন হতে এ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেন।
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি সাধারণ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৫৪ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৪জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে একটি ওয়ার্ডে সাধারণ আসনের কাউন্সিলর পদে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ এবং নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১।
জেড





