ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সৃষ্ট ছোট ভাইয়ের বিরোধ মীমাংসা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারালেন বড় ভাই।

বৃহস্পতিবার সন্ধায়   এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের নাম রাকিবুল ইসলাম মুন্না (১৮)। তার বাসা গ্রীণরোড আমবাগানের ঢাবি আবাসিক এলাকায়।

জানা যায়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন মুন্না। ওই বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ব্যর্থ হলেও এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

মুন্নার ছোট ভাই রিয়াদের বন্ধু নাঈম জানায়, ক্রিকেট খেলাকে নিয়ে তিন-চারদিন আগে রিয়াদের সঙ্গে তার বন্ধু আকাশের মারামারি হয়। বিষয়টি সমাধান করতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মুন্না ফার্মগেট গ্রীন রোডের মোস্তফার গলিতে যান।

এ সময় আকাশ ও তার লোকদের সঙ্গে মুন্নার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুন্নার পিঠ ও বুকে ছুরিকাঘাত করে আকাশ ও তার বন্ধুরা।

গুরুতর আহত মুন্নাকে প্রথমে শমরিতা হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এমবিএইচ