চাঁদপুর নৌ-টার্মিনালে ঢাকাগামী লঞ্চে উঠতে গিয়ে ২ লঞ্চের চাপায় ফাহিমা বেগম (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিমা শরীয়তপুর জেলার কোদালপুর মালপাড়ার বাসিন্দা।

আহতরা হলেন- ফাহিমার স্বামী দেলোয়ার হোসেন (৩৫), মিজানুর রহমান (১৬), ইউনুছ (১২), শাহাদাত হোসেন (১২), কাউছার (১০), খাদিজা (৬), মানিক (৪) ও হযরত আলী। অপর আহতদের নাম জানা যায়নি। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। এদের সকলের বাড়ি শরীয়তপুর জেলায়।

প্রত্যক্ষদর্শী জানান, শরীয়তপুরের ঘোষাইরহাট থেকে ট্রলারে করে ২০/২৫জন যাত্রী ঢাকা যাওয়ার উদ্দেশ্যে চাঁদপুরে আসে। লঞ্চঘাটে এসে লঞ্চ ছাড়ার সময় এমভি ফিন্স অব রাসেল-৩ লঞ্চে উঠতে গিয়ে এমভি রফরফ নামক লঞ্চসহ দু’টি লঞ্চের চাপায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ফাহিমা বেগম। এ সময় ওই ট্রলারে থাকা আরো ১০/১২ জন আহত হয়। আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ফাহিমা হাসপাতালে আসার পূর্বেই মারা গেছেন। ঘটনাটি চাঁদপুর মডেল থানা পুলিশকে জানানো হয়েছে।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ