রাজধানীর ভাগ্য বিড়ম্বিত মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহবান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিট্রন পুলিশের কমিশনার (ডিএমপি) বেনজির আহমেদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহাজাহানপুর আমতলী বালুর মাঠে বস্তি ও সাধারণ মানুষের মাঝে ফরমালিন মুক্ত আম বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

বেনজির আহমেদ বলেন, আমরা রাজধানীর বিত্তবানদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছিলাম। আমাদের ডাকে ৩ বিত্তবান সাড়া দিয়েছেন। আমরা তাদের সহযোগিতায় এ আম বিতরণ করছি।

তিনি বলেন, আমরা গরিব দুঃখী মানুষের কল্যাণে সব সময় কাজ করতে চাই। পুলিশ সবার বন্ধু। রাজধানীর সব গরিব দুঃখীদের যদি আম দিতে পারতাম তাহলে ভালো লাগতো। এটি সূচনা মাত্র। ভবিষ্যতে আরও বেশি দেয়ার চেষ্টা করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, সামনে ঈদ। ঈদে যারা দুঃস্থ মানুষকে যাকাতের কাপড় ও অর্থ দিতে চান, তাদেরকে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে।

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই