ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কিশলয় স্কুল ভোটকেন্দ্রে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের কোনো পোলিং এজেন্টকে দেখা যায়নি। তবে সেখানে এক ব্যক্তি নিজেকে বাস প্রতীকের এজেন্ট বলে দাবি করেন। কিন্তু প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষরিত পরিচয়পত্রে দেখা যায়, তিনি আওয়ামী লীগ সমর্থিত একজন কাউন্সিলর প্রার্থীর এজেন্ট।
এর আগে ওই কেন্দ্রে ছবি তুলতে গণমাধ্যমকর্মীদের পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
আজ মঙ্গলবার সকালে ওই কেন্দ্রে গিয়ে তাবিথ আউয়ালের পোলিং এজেন্ট নেই কেন জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা মাসুদ আলম বলেন, বাস প্রতীকের পক্ষ থেকে দুজন এজেন্টের নাম দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর ওই কেন্দ্রে একজন এজেন্ট নিজেকে বাস প্রতীকের কর্মী বলে দাবি করেন। কিন্তু প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষরিত পরিচয়পত্র দেখতে চাইলে দেখা যায়, তিনি আওয়ামী লীগ সমর্থিত একজন কাউন্সিলর প্রার্থীর এজেন্ট।
মোহাম্মদপুরের মোহনপুর স্কুলকেন্দ্রে মারধরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে যুবলীগের এক কর্মীকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকেরা মারধর করেন। তবে কে কোন দলের, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
এমকে





