আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় গাজীপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুলকে আটকের প্রতিবাদে আশুলিয়া থানা ঘেরাও করেছে ইউনিয়নের সদস্যরা। এ সময় থানার সামনেই শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেয় শ্রমিকেরা।
নির্মাণ শ্রমিক ইউনিয়নদের সদস্যরা জানান, আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর আউকপাড়া এলাকায় অভিযান চালিয়ে, ছয়টি ছোরা, গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ির নিরাপত্তাকর্মী সাইফুল ইসলামকে জিঙ্গাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়।
গাজীপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে শুক্রবার দুপুর ২টার দিকে শতাধিক নেতাকর্মী আশুলিয়া থানার সামনে জড়ো হন। তারা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুলকে ছেড়ে দেয়ার দাবি জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ডাকাতির সঙ্গে সাইফুলের সংশ্লিষ্টতা না থাকলে তাকে ছেড়ে দেয়া হবে বলে আশ্বাস দিলে শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহর করে নেয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, ডাকাতির সঙ্গে সাইফুল জড়িত না থাকলে তাকে ছেড়ে দেয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা থানার সামনে থেকে সরে যায়।
জেআই





