চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলছাত্র তানজির আহমেদকে (১৩) অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আলমডাঙ্গার খাসবাগুন্দা ও ঝিনাইদহের লাউদিয়া গ্রাম থেকে শুক্রবার রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন আলমডাঙ্গা উপজেলার খাসবাগুন্দা গ্রামের মৃত কাদের মন্ডলের ছেলে খাইরুল ইসলাম ও ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামের বিশারত আলীর ছেলে আলমগীর হোসেন।

পুলিশ জানায়, আলমডাঙ্গা উপজেলার খাসবাগুন্দা গ্রামের সামরুল মন্ডলের ছেলে ৮ম শ্রেণির ছাত্র তানজির আহমেদকে বাড়ির পাশ থেকে গত ২২ সেপ্টেম্বর অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ৬দিন পর মোবাইল ফোনে অপহৃত পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

তানজির পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করলে চুয়াডাঙ্গা জেলা পুলিশ অপহৃত স্কুলছাত্রকে উদ্ধারে অভিযান শুরু করে।

চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফী উল্লাহ জানান, বিষয়টি অবহিত হওয়ার পর শুক্রবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে শুক্রবার রাতে খাসবাগুন্দা গ্রাম থেকে খাইরুল ইসলামকে এবং ঝিনাইদহের লাউদিয়া গ্রাম থেকে আলমগীরকে আটক করা হয়।

আটকের পর তাদেরকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

পুলিশ বলছে, অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার ও অপহরণ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এম এ