রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভুল চিকিৎসায় আনসার আলী (৫৫) নামে এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত আনসার আলী পাবনার চাটমোহর থানার আড়িয়াল গ্রামের মৃত আফির মোল্লার ছেলে।
রামেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে রবিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই ওয়ার্ডের কর্তব্যরত নার্স ও শিক্ষানবিস চিকিৎসকরা পালিয়ে যান।
নিহতের ছেলে মোকাররম আলী অভিযোগ করে জানান, গত দুই দিন আগে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ায় বাবা আনসার আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগ থেকে আনসার আলীকে ৩২ নম্বর ওর্য়াডে স্থানান্তর করা হয়। রবিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ওয়ার্ডে কর্তব্যরত শিক্ষানবিস চিকিৎসক একটি ইনজেকশন দিতে বলে বিশ্রামে চলে যান। কিন্তু চিকিৎসক উপস্থিত না থাকায় নার্স স্যালাইনে পুশ করার ইনজেকশন আনসার আলীর শরীরে পুশ করে দেন। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
এদিকে, রোগীর স্বজনরা হৈ চৈ শুরু করলে চিকিৎসক ও নার্সরা পালিয়ে যায়। বিষয়টি মেডিকেল পুলিশ বক্সকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে অবস্থা বেগতিক দেখে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই জোবায়ের রহমান বলেন, ‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। ব্যাপারটি যাচাই-বাছাই করা হচ্ছে।’
এ ব্যাপারে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিনের মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেন নি।
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





