মাগুরায় পুলিশের সঙ্গে‘বন্দুকযুদ্ধে’ আমিনুল ইসলাম লিটন (৩০) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ২টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের কছুন্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিটন ইসলাম মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর গ্রামের বাসিন্দা।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল সুদর্শন কুমার রায় জানান, রাতে মাগুরা-ঢাকা মহাসড়কের কছুন্দি ব্রিজ এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টা চলছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক মামলার আসামি আমিনুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এতে ৪ পুলিশ সদস্যও আহত হন।

আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন।

‘বন্দুকযুদ্ধ’র পর ঘটনাস্থল থেকে ১টি নাইন এমএম পিস্তল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, বন্দুকের গুলির খোসা, শাবল, চাপাতি, রামদাসহ বিভিন্ন ধরনের দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

এমই