চাঁদপুর থেকে দেশের সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার থেকে কোনো বাস চাঁদপুর ছেড়ে যায়নি।
সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক দেওয়ান জানান, পরিবহন শ্রমিকদের দু'গ্রুপের কথা কাটাকাটির জের ধরে এ অবস্থার সৃষ্টি। তবে তারা মিটিংয়ে বসে বিষয়টির সুরাহা করবেন।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ পরিবহণের শ্রমিকদের সঙ্গে ঢাকাগামী পদ্মা বাসের শ্রমিকদের বাসস্ট্যান্ডের সামনে বাস রাখা না রাখার বিষয় নিয়ে তর্ক বেধে যায়।
এরই জের ধরে সকাল সাড়ে ৯টা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। রোজার প্রথম দিনে যাত্রীদের অনেকে বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে দুর্ভোগে পড়েন।
এআর





