সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কের মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জাহিদ হাসান (১৭)। তিনি আশুলিয়ার ইটাখোলা এলাকার আনিছ মিয়ার ভাড়া বাড়িতে ভাড়া থেকে ওই যাত্রীবাহী বাসটির হেলাপার হিসেবে কাজ করতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা জানান, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে চলাচলরত খেয়া পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস আব্দুল্লাপুর থেকে বাইপাইল যাওয়ার পথে মরাগাং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পানিতে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই বাসটির হেলাপার জাহিদ হাসান মারা যান এবং বাসের ভেতরে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠায়।
এমবিএইচ





