গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের চৌমাথায় সার ও কীটনাশকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলা সদরের চৌমাথায় নিজাম উদ্দিন মণ্ডল মার্কেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে নিজাম উদ্দিন মণ্ডল মার্কেটে সার ও কীটনাশকের দোকানে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। স্থানীয় লোকজন গাইবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকান মালিক আসাদুজ্জামান লাভলু জানান, প্রতি দিনের মতো রাত ১২টায় দোকান বন্ধ করে বাসায় যাই। রাত প্রায় ২টার দিকে খবর পেয়ে দোকানে এসে দেখি আগুনে দোকানের সার, কীটনাশক, স্প্রে মেশিন, নগদ অর্থ, দোকানের চেয়ার টেবিল ক্যাশ বাক্স ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

জেডআই