জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে ৫২ লাখ টাকা অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদিকা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে এক দিনের মাথায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কারাগারে ফেরত আনা হয়েছে। 

শনিবার দুপুর দেড়টার দিকে তাকে হাসপাতাল থেকে চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারের ডেপুটি জেলার জাহেদুল আলম। 

তিনি বলেন, ‘পেটের ব্যাথাজনিত অসুস্থতার কারণে গতকাল সন্ধ্যায় শাকিলাকে কারা চিকিৎসকদের পরামর্শে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে শনিবার দুপর দেড়টার দিকে তাকে ফের কারাগারে নিয়ে আসা হয়।’

তিনি জানান, হাটহাজারী ও বাঁশখালী থানার দুটি সন্ত্রাস দমন আইনের মামলায় হাজতি হিসেবে ব্যারিস্টার শাকিলা ফারজানা কারাগারের মহিলা ওয়ার্ডে আছেন। 

এরআগে গত ২২ আগস্ট জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে অর্থ সহায়তার অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যডাভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজকে। পরে তাদের বাঁশখালী ও হাটহাজারী থানার দুটি সন্ত্রাস বিরোধী আইনে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। পরে ২৩ ধারায় জবানবন্দিতে তিন আইনজীবী মামলা পরিচালনা বাবদ মক্কেলকে নেয়া টাকা ফেরত দিয়েছেন বলে দাবি করেন। এরপর ২৭ আগস্ট প্রত্যেককে জেলহাজাতে পাঠানোর আদেশ দেয় আদালত।

জেআই